মুসলমানদের সন্ত্রাসী হিসেবে দেখানোয় সমালোচনা

 
ভারতের  আহমেদাবাদে পুলিশের সন্ত্রাস বিরোধী অনুশীলনে সন্ত্রাসীদেরকে মুসলমান হিসেবে দেখানোয় সমালোচনার ঝড় শুরু হয়েছে। অনুশীলনের একটি ফুটেজে দেখা যাচ্ছে পাঁচ জন পুলিশ সদস্য তিনজন সন্ত্রাসীকে পাকড়াও করে জিপে তুলছে। সন্ত্রাসী হিসেবে দেখানোদের প্রত্যেকের মাথায় টুপি পরানো ছিল।
আগামী ১১ জানুয়ারি আহমেদাবাদের অনুষ্ঠিতব্য বিনিয়োগ সম্মেলনের নিরাপত্তা প্রস্তুতি হিসেবে এই অনুশীলনের আয়োজন করেছিল গুজরাট পুলিশ। সম্মেলনটিতে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রী জন কেরি ছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অংশগ্রহণের কথা রয়েছে।
কামাল ফারুকি, ভারতের একজন মুসলমান নেতা, সন্ত্রাসী হিসেবে মুসলমানদেরকে দেখানোকে 'নির্মম ও অত্যন্ত নিন্দনীয়' বলে আখ্যা দিয়েছেন।
তিনি এনডিটিভিকে দেয়া সাক্ষাতকারে আরো বলেছেন, 'এর মাধ্যমে মুসলমানদেরকে খারাপ মানুষ হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে। যারা এর সাথে জড়িত তাদের ক্ষমা চাওয়া উচিত।' অন্যথায় তারা আদালতের শরণাপন্ন হবেন বলেও তিনি উল্লেখ করেছেন।
পুলিশ প্রথমে সমালোচনা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে বলেছিল, তাদেরকে ভিন্ন ধরণের হিসেবে দেখাতেই টুপি পরানো হয়েছিল। পরে অবশ্য তারা ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে। সূত্র: এনডিটিভি