কলকাতা-ঢাকা ওয়াটার‌ ক্রুজ!

 
দিল্লির অনুমতি পেলেই জলপথে কলকাতা-ঢাকা যোগাযোগ স্থাপন হবে৷‌ চলবে যাত্রীবাহী জলযান, ওয়াটার‌ ক্রুজ।
বুধবার এই খবর জানিয়েছেন পশ্চিমবঙ্গের পরিবহণ সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়৷‌ তিনি জানিয়েছেন, কিছুদিন আগেই ভারতের  জাহাজ মন্ত্রীর সঙ্গে এক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বিষয়টি নিয়ে আগ্রহ দেখান৷‌ তখনই জানা যায় জাহাজ মন্ত্রক ইতিমধ্যেই বিষয়টি অনুমোদন করেছে৷‌ বিষয়টি আপাতত ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয়ের বিবেচনাধীন রয়েছে৷‌
তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই বেশ কিছু সংস্হা কলকাতা-ঢাকা জলপথে যাত্রী পরিবহণের বিষয়ে আগ্রহ দেখিয়েছে৷‌ অনুমতি পেলেই তারা এই পরিষেবা চালু করবে।
উল্লেখ্য, বেশ কিছুদিন আগে সুন্দরবন পরিদর্শনে গিয়ে মমতা ব্যানার্জি বলেছিলেন তিনি জলপথে বাংলাদেশ যেতে চান।
জানা গেছে, বিষয়টি চূড়ান্ত হলে কলকাতা থেকে সুন্দরবন হয়ে ঢাকা পর্যন্ত চলবে এই ওয়াটার‌ ক্রুজ।