কাশ্মীর সীমান্তে গোলাগুলি ৫ পাক সেনা নিহত

জম্মু-কাশ্মীরে আন্তর্জাতিক সীমান্ত বরাবর ১৫টি ভারতীয় পোস্ট লক্ষ্য করে বুধবার রাতভর গুলি চালিয়েছে পাকিস্তানি সেনারা। এরপর গতকাল সকাল থেকে জম্মু থেকে ৪১ কিলোমিটার দূরে সাম্বা সেক্টরে ভারতীয় জওয়ানদের লক্ষ্য করে আবার গুলি চালায় পাক রেঞ্জার্স। গুলিতে এক বিএসএফ জওয়ানের মৃত্যু হয়। আহত হন আরও একজন। এরপর বিএসএফের পাল্টা জবাবে নিহত হয় চারজন পাকিস্তানি সেনা। জি নিউজের রিপোর্ট অনুযায়ী, রাতব্যাপী পাকিস্তানি সেনাদের আক্রমণে কয়েকজন গ্রামবাসীও আহত হয়েছেন। ভারত অভিযোগ করেছে, ২ দিনে এই নিয়ে ৩ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান।

এদিকে, বিএসএফের গুলিতে ৪ পাকিস্তানি সেনার মৃত্যুর প্রতিবাদে গতকালইইসলামাবাদে ভারতীয় ডেপুটি হাই কমিশনার জেপি সিংকে তলব করে পাকিস্তান। সন্ধ্যার দিকে পাকিস্তানই সাদা পতাকা তুলে বিএসএফের কাছে সময় চাইলে বিএসএফ জওয়ানরা প্রতি আক্রমণ বন্ধ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পাক রেঞ্জারদের আক্রমণে বিএসএফ জওয়ানের মৃত্যুর পর গতকালই সরকারি স্তরে ঘোষণা করেন সীমান্তের ওপার থেকে কোনও রকম প্ররোচণা ছাড়াই এই ধরণের আক্রমণ এলে তার যথাযথ জবাব দিতে হবে।
বিএসএফের ইন্সপেক্টর জেনারেল রাকেশ শর্মা বার্তা সংস্থা পিটিআইকে বলেন, আমরা চার পাকিস্তানী রেঞ্জার্সকে হত্যা করে ভালোভাবেই প্রতিশোধ নিয়েছি। পরে হতাহতের প্রেক্ষিতে তারা সাদা পতাকা তুলে আমাদের থামতে বলে যাতে তারা লাশ সরিয়ে নিতে পারে।

তিনি বলেন, তাদের অনুরোধে সাড়া দিয়ে আমরা হামলা বন্ধ করি এবং সীমান্তে এসে লাশ সরিয়ে নেয়ার সুযোগ করে দেই।