বিএনপি ৫ জানুয়ারি বিশেষ পরিস্থিতি তৈরি করতে চায়: হাছান মাহমুদ


আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি গণতন্ত্রকে হত্যা করার জন্য আগামী ৫ জানুয়ারি দেশে বিশেষ পরিস্থিতি তৈরি করতে চায়।
শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় বীরউত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে ‘অপপ্রচার-ষড়যন্ত্র করে মুক্তিযুদ্ধের চেতনাকে বাধাগ্রস্ত করা যাবে না’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি গত ৫ জানুয়ারির আগে দেশে বিশেষ পরিস্থিতি তৈরি করে অগণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র করেছিল। দেশের মানুষ যেভাবে অনির্বাচিত সরকারকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র প্রতিহত করেছে সেভাবে ভবিষ্যতেও যে কোন ষড়যন্ত্র মোকাবেলা করবে।
জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের উপ-কমিটির সহ সম্পাদক ও অগ্রণী ব্যাংক লিমিডের পরিচালক বলরাম পোদ্দার, কৃষক লীগ নেতা এমএ করিম, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি মো. জিন্নাত আলী প্রমুখ।
হাছান বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র রক্ষা পেয়েছে এবং গণতান্ত্রিক রাজনীতির বিজয় অর্জিত হয়েছে। তাই আগামী ৫ জানুয়ারি আওয়ামী লীগ গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে এ দিনটিকে পালন করবে।
তিনি বলেন, এ দিন বিএনপি-জামায়াত দেশে কোন ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে চেষ্ঠা করলে তাদের সমুচিত জবাব দেয়া হবে।
তিনি ৫ জানুয়ারি আওয়ামী লীগ ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের রাজপথে থেকে গণতন্ত্রের বিজয়কে সুসংহত করার জন্য আহবান জানান।