কোনো দফা-টফা দিয়ে কাজ হবে না: মায়া


দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে ঢাকায় ১৬ টি পয়েন্টে ঢাকাবাসীর অবস্থান থাকবে। আপনারা মাঠে নামবেন কীভাবে? কোনো দফা-টফা দিয়ে কাজ হবে না। দফা একটাই, আপনি ভালো হয়ে যান। আপনি হলেন জঙ্গিবাদ জামায়াতের আমির। এ ছাড়া আপনার কোনো অস্তিত্ব নেই।
তিনি বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে তার ছেলে তারেক জিয়ার পক্ষে ক্ষমা চাইতে হবে।
শনিবার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা মহানগর ১৪ দলের বর্ধিতসভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, খালেদার পুত্র অনেক অন্যায় করেছেন। ছেলের পক্ষ থেকে মা ক্ষমা চাইলে বাংলার জনগণ ক্ষমা করে দিতে পারে। তাহলে তাদেরকে সভা সমাবেশও করতে দিতে পারে। না হলে বাংলার মানুষ তাদের বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নেবে।
৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবসের কর্মসূচি সফল করতে এ সভার আয়োজন করা হয়।
বর্ধিতসভায় ঢাকা মহানগর জাসদের আহবায়ক মীর হোসেন আক্তার, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. দিলীপ রায়, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরীসহ নগর ১৪ দলের নেতারা উপস্থিত ছিলেন।