প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ যা বলে তা করে দেখায়; ইতোমধ্যে বিশ্ববাসীও এর প্রমাণ পেয়েছে। শনিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় সমাজসেবা দিবস ও সমাজকল্যাণ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে পদ্মা সেতু নির্মাণে সরকারের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা যেটা ঘোষণা দিই সেটা বাস্তবায়ন করি। ঘোষণা দিয়েছিলাম পদ্মা সেতু করবো। পদ্মা সেতু নির্মাণের কাজ আমরা শুরু করে দিয়েছি। এটাও আমরা বিশ্বকে দেখিয়েছি। অন্যের কাছে হাত না পেতে আমরাও পারি।
প্রধানমন্ত্রী বলেন, আমরা চাচ্ছি বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে। সে লক্ষ্যে পরিকল্পনা হাতে নিয়েছি; পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছি। আমরা অভিষ্ট লক্ষ্যে অবশ্যই পৌঁছাবো।
এ সময় তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের গৃহহীন ও পথশিশুদের স্বাভাবিক জীবন এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার নির্দেশ দেন।
এসময় অটিজম সচেতনতায় মেয়ে শেখ সায়েমা হোসেনের ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অটিজম সচেতনতা বিষয়ে বিশ্বব্যাপী কাজে স্বীকৃতি স্বরূপ বিশ্ব স্বাস্থ্য সংস্থা সায়মা ওয়াজেদকে অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স ইন পাবলিক হেলথ প্রদান করেছে। শুধু বাংলাদেশ নয় বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টি করতে সক্ষম হয়েছে।
বয়স্কভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা, দুস্থ মহিলা ভাতা, অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি কার্যক্রমসহ বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে তার সরকার ক্রমাগত বরাদ্দ বাড়াচ্ছে বলেও জানান তিনি।
এছাড়া হিজড়া, দলিত, হরিজন ও বেদে সম্প্রদায়সহ সামাজিক ও অর্থনৈতিকভাবে বৈষম্যের শিকার জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নেও আওয়ামী লীগ সরকার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে বলে জানান শেখ হাসিনা।