সারদা কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার ঘটনায় তিনি জেলে আছেন। কিন্তু জেলে তিনি খুব সমাদরেই আছেন এমন তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আর এ নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। জবাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী মদন মিত্র তাই জেলে আমন্ত্রণ জানিয়েছেন সমালোচকদের!
বন্দী হিসেবে জেলে তিনি কী সুবিধা পাচ্ছেন সর্বদলীয় কমিটি করে তা একবার সরেজমিনে দেখে আসার আমন্ত্রণ জানিয়েছেন মদন মিত্র। গতকাল শনিবার সকালে এসএসকেএম হাসপাতালে রুটিন চেকআপ-এ এসে তিনি বলেন, বিরোধীরা সর্বদলীয় কমিটি করে দেখে যাক আমি জেলের ভেতর কী সুবিধা পাচ্ছি! জেলের ভেতর রাজার হালে থাকার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। কারাবিধি ভেঙ্গে তাকে বিশেষ সুবিধা পাইয়ে দেয়ার অভিযোগ তুলে সরব হয়েছে রাজ্যের বিরোধী দলগুলো। শুধু রাজনৈতিক দল নয়, সারদা কেলেঙ্কারিতে জড়িত থাকার সন্দেহে তৃণমূলের বহিষ্কৃত এমপি জেলে আটক কুণাল ঘোষও বিষয়টি নিয়ে আঙ্গুল তুলেছেন কারা দফতরের বিরুদ্ধে। এমনকি গত শুক্রবার বিষয়টি আদালতের নজরে আনে গোয়েন্দা সংস্থা সিবিআইও। কারা দফতরে সংস্থাটি ইতোমধ্যেই চিঠিও দিয়েছে। - আনন্দবাজার পত্রিকা।