৫১ বছর পর

শরীরে সামান্য আঘাত সহ্য করা যখন কঠিন তখন ৫১ বছর ধরে শরীরে সাত ইঞ্চি রড বহন করছেন যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি। বিস্ময়ের ব্যাপার হলো, তিনি এতদিন জানতেনই না যে তার শরীরে কোনো রড ছিল!

যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের গ্রানাইট সিটির বাসিন্দা আর্থার লামপিটের বয়স ৭৫ বছর। তিনি জানান, ১৯৬৩ সালে তার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ওই সময় তার বাহুতে একটি সাত ইঞ্চি রড ঢুকে যায় যা তিনি জানতে পারেন কয়েক বছর আগে। একটি আদালতের মেটাল ডিটেক্টরে তার শরীরে লোহার জিনিসি আছে বলে ধরা পড়ে। এরপর লামপিট ডাক্তারের কাছে যান। ডাক্তারকে তিনি বলেন, তিনি এতদিন জানতেন না যে, তার হাতে কোনো লোহার জিনিস ঢুকে পড়েছে। কারণ লামপিট কখনোই এর জন্য ব্যথা অনুভব করেননি। অবশেষে এক্স-রে’র মাধ্যমে রডের খবর নিশ্চিত হন লামপিট। সিটি প্যালেস সার্জারি সেন্টারের ডাক্তার সেন্ট লুইস মো জানান, তার হাতে ৪৫ মিনিট ধরে অপারেশন করে সাত ইঞ্চি রডটি অপসারণ করা হয়। তিনি এখন সুস্থ।  - ইউপিআই