‘চিকিৎসা’র জন্য রিজভীকে নিয়ে গেছে পুলিশ

শনিবার রাত ১২টার দিকে বিএনপির নয়া পল্টনের কার্যালয় থেকে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, পুলিশ সদস্যরা কার্যালয়ে ঢুকেই রিজভীকে উদ্দেশ করে বলেন- ‘স্যার আপনি অসুস্থ। এখানে আপনার চিকিৎসা হবে না। আপনি যেখানে ভালো মনে করবেন সেখানেই আমরা আপনাকে নিয়ে যাব’।

“এ সময়ে রিজভী গোয়েন্দা কর্মকর্তাদের কাছে জানতে চান- আপনারা আমাকে কোথায় নিয়ে যেতে চান। গোয়েন্দা কর্মকর্তারা তখন বলেন- আপনি চাইলে আমরা স্কয়ার হাসপাতালে নিয়ে যাব।” এরপরই বিছানা থেকে হাতে স্যালাইন লাগানো অবস্থায় রিজভীকে অ্যাম্বুলেন্সে করে পুলিশ সদস্যরা নিয়ে যান।
পল্টন থানায় দায়িত্বরত কর্মকর্তা মুনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার করা হয়নি, চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
রিজভীকে নিয়ে যাওয়ার পর রাত সাড়ে ১২টার দিকে কার্যালয়ে ঢুকে পুলিশ তল্লাশি শুরু করে বলে জানা গেছে।

বিডিনিউজ