সাবেক উপপ্রধানমন্ত্রী জামাল উদ্দিন মারা গেছেন

শনিবার রাত ১০টায় সাবেক উপপ্রধানমন্ত্রী জামাল উদ্দিন আহমদ রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে মারা গেছেন। তার তার চাচাতো ভাই ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ সাংবাদিকদের জানান, রোববার জোহরের নামাজের পর গুলশানের আজাদ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে উড়োজাহাজে তার মরদেহ নেওয়া হবে চট্টগ্রাম। সেখানে জমিয়তুল ফালাহ মাঠে দ্বিতীয় এবং ফটিকছড়ির দৌলতপুর গ্রামে তার প্রতিষ্ঠিত স্কুল মাঠে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

১৯৫৪ সালে সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি প্রাপ্ত জামাল উদ্দিন পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন।
১৯৭৭ সালে জিয়াউর রহমানের আমলে উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে ১৯৮২ সাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন। ১৯৮৯ ও ১৯৯২ সালে দুই মেয়াদে বাংলাদেশের চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের সংগঠন আইসিএবির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
জামাল উদ্দিন ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির সভাপতি এবং মেট্রাপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাহী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫।