সারা দেশে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ব্যাপক উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। দিনটি বিশ্বমানবতার মুক্তির দিশারি মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস। মুসলিম উম্মাহ দিবসটি পবিত্র ঈদে মিলাদুন্নবী হিসেবে উদযাপন করে। বিশ্বের মুসলিম সম্প্রদায়সহ শান্তিকামী প্রত্যেক মানুষের কাছে দিনটি অত্যন্ত তাত্পর্যপূর্ণ।
সমগ্র মুসলিম উম্মাহ’র সাথে বাংলাদেশের মুসলমানরাও যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করেছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যাপক কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল- মহানবী (সা.)-এর পূর্ণাঙ্গ জীবন নিয়ে আলোচনা, ধর্মীয় শোভাযাত্রা, সেমিনার, মিলাদ মাহফিল ও মোনাজাত ।
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ রবিবার ছিল সরকারি ছুটির দিন। বিভিন্ন জাতীয় দৈনিক এ উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, বেসরকারি টেলিভিশন চ্যানেল ও এফএম রেডিও দিবসটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে।