যে কোনো মূল্যে ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবসের’ কর্মসূচি পালনের জন্য দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকালে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেছেন, ‘আমি দল-জোটের নেতা-কর্মীদের ছাড়াও দেশপ্রেমিক গণতান্ত্রিক সকল দল, সকল শক্তি রাজধানী ঢাকাসহ সারাদেশে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘যে কোনো মূল্যে গণতন্ত্র হত্যা দিবস পালনের মাধ্যমে ক্ষমতাসীনদের দম্ভ ও স্বেচ্ছাচারিতার উপযুক্ত জবাব দেয়ার আহ্বান জানাচ্ছি।’
শনিবার রাতে নয়াপল্টনের কার্যালয় থেকে রুহুল কবির রিজভীকে আটক এবং গুলশানের কার্যালয়ে খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার মধ্যে রবিবার এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছেন তিনি। গত শনিবার থেকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না বিএনপির এই নেতাকে।