সোমবারের কর্মসূচি চলবে: খালেদা জিয়া

 
বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেছেন, সোমবারের কর্মসূচি চলবে। ঢাকায় নির্ধারিত সমাবেশে তিনি উপস্থিত হতে চেষ্টা করবেন।
তিনি অভিযোগ করে  বলেন, শনিবার রাত থেকে তাকে পুরোপুরি অবরুদ্ধ করে রাখা হয়েছে। 
রবিবার রাতে পুলিশে ঘেরা তার অফিসে বসে টেলিফোনে তিনি বিবিসি বাংলার সাথে একান্ত সাক্ষাৎকারে এ সব কথা বলেন। 
তিনি বলেন, কোনো কর্মসূচির আগে কোনো দলের নেতাকে এভাবে অন্তরীণ করে রাখার নজির বাংলাদেশে নেই। তার কর্মীরা রাস্তায় রয়েছেন এবং সোমবারের কর্মসূচি চলবে।
তিনি নিজে ঐ সমাবেশে যোগ দেবেন কি না, এ প্রশ্নে খালেদা জিয়া বলেন, তিনি চেষ্টা করবেন।
খালেদা জিয়া বলেন, নির্বাচনের আগেও ২৯শে ডিসেম্বর আমি কর্মীদের সাথে যোগ দেয়ার চেষ্টা করেছিলাম, সরকার করতে দেয়নি। এবারও আরো বেশি পুলিশ দিয়ে আমাকে বাধা দেয়া হচ্ছে।
নাশকতার আশঙ্কায় পুলিশ ঢাকায় সবধরনের সমাবেশ নিষিদ্ধ করেছে। এ প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, বিএনপি নয়, সরকার নিজেরাই নাশকতায় লিপ্ত হয়েছে। আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চেয়েছিলাম...আমাদের নেতা কর্মীদের ঘরে ঢুকে ঢুকে নির্যাতন করা হচ্ছে।