ড. কামাল হোসেনের বাড়িতে মান্না-রব

রোববার রাতে আকস্মিক এক বৈঠকে গণফোরাম সভাপতি কামালের বেইলি রোডের বাড়িতে একত্রিত হয়েছিলেন ড. কামাল হোসেন, আ স ম আবদুর রব ও মাহমুদুর রহমান মান্না।

আকস্মিক এই বৈঠকের খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা ওই বাড়িতে গেলে কামাল হোসেন তাদের বৈঠকের বিষয়বস্তু নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ৫ জানুয়ারি নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তাপের মধ্যে বৈঠক করেছেন।
“দেশের পরিস্থিতি এমন এক মারমুখী পর্যায়ে পৌঁছেছে যে কিভাবে গণতন্ত্রকে সুসংসত করা যায়, আমরা সে বিষয় নিয়ে কথা বলেছি। দুই দলের মধ্যে অর্থবহ সংলাপ এবং ঐক্য ছাড়া দেশবাসীর মুক্তি নাই,” বলেন আওয়ামী লীগের এক সময়ের এই নেতা। কামাল হোসেন বলেন, “বহুদলীয় গণতন্ত্রে অনেকগুলো দল থাকবে, এতে কোনো দ্বিমত নাই। কিন্তু সকলকে সকলের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। ১৬ কোটি মানুষ চায় দেশে অশান্তি না হোক, সকল সঙ্কট নিরসন হোক। দুই দলকে সহিষ্ণু আচরণ করতে হবে।”
উল্লেখ্য, তার সঙ্গে বৈঠকে থাকা নাগরিক ঐক্যের নেতা মান্না কয়েক বছর আগেও ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। স্বাধীনতাপূর্ব ছাত্রলীগের নেতা ও ডাকসুর ভিপি রব বর্তমানে জাসদ (জেএসডির) প্রধান।

তারা তিনজন একটি রাজনৈতিক জোট গড়ার প্রয়াস চালাচ্ছেন, যাতে বিকল্পধারা ও কৃষক, শ্রমিক, জনতা লীগের যোগ দেওয়া নিয়েও আলোচনা রয়েছে।