আন্দোলনের গন্তব্য শেখ হাসিনার বিদায়: তারেক

 
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,  শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। আন্দোলনের গন্তব্য শেখ হাসিনার বিদায়, গণতন্ত্র পনুরদ্ধার এবং নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন। তিনি সর্বস্তরের নেতাকর্মীর উদ্দেশ্যে বলেন, আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করুন। প্রতিটি এলাকায় জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলুন। যেন গণতন্ত্রের বিরোধী শক্তি ঘর থেকে বেরুতে না পারে। ৫ জানুয়ারি নির্বাচনের আগে ঢাকাকে যেমন সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেয়া হয়েছিল, এবার ঢাকার ভেতরেও এক এলাকা অন্য এলাকা থেকে বিচ্ছিন্ন করে দিন। যাতে করে একটি বিশেষ অঞ্চলের কোনো বাহিনী গিয়ে আন্দোলনকারী জনগণের ওপর নির্যাতন চালাতে না পারে। একইভাবে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও নিজ নিজ এলাকা বিচ্ছিন্ন করে দিন। আন্দোলন সফল না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরে যাবেন না। তিনি বলেন, এই আন্দোলন ছড়িয়ে পড়ছে। আর থামিয়ে দেয়া যাবে না। এ আন্দোলন চালিয়ে যেতে হবে। গতিশীল করতে হবে। লক্ষ্য একটি। গন্তব্যস্থল একটি। শেখ হাসিনা যেদিন বিদায় নেবে, আন্দোলনকারীরা সেদিন ঘরে ফিরবে। 
'৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা ও কালো দিবস' উপলক্ষে স্থানীয় সময় রবিবার ইস্ট লন্ডনের অট্রিয়াম অডিটোরিয়ামে তিনি এ কথা বলেন।