বিএনপি আন্দোলনের নামে তামাশা করছে: রেলমন্ত্রী

 
রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, বিএনপি আন্দোলনের নামে জনগণের সাথে তামাশা করছে। সোমবার সকালে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেসের একটি নতুন ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। খবর: বাসসের।
মুজিবুল হক বলেন, বিএনপির জনগণের নিকট কোন প্রকার গ্রহণযোগ্যতা নেই। কারণ তাদের আশেপাশে স্বাধীনতাবিরোধী রাজাকারদের অবস্থান। দেশের মানুষ বর্তমানে শান্তিতে আছে তা খালেদা জিয়ার সহ্য হচ্ছে না। বিএনপি এখন দেশের উন্নয়ন দেখে দিশেহারা। তাই তারা আন্দোলনের নামে মানুষকে বিভ্রান্ত করছে।
উল্লেখ্য, মৈত্রী এক্সপ্রেসের নতুন এই ট্রেনটি প্রতি সোমবার ঢাকা-ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এছাড়াও আরো দুটি ট্রেন প্রতি শুক্রবার ও বুধবার ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যায়। আজ থেকে চালু হলো রেলওয়ের এই রুটের নতুন একজোড়া ট্রেন।