যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চলীয় ব্যস্ততম পোতাশ্রয় এলাকার সমুদ্র সৈকতে ক্যাপ্টেন ইচ্ছাকৃতভাবে একটি বিশাল কার্গো জাহাজ তুলে দিয়েছেন। সম্ভাব্য উল্টে যাওয়ার হাত থেকে জাহাজটিকে রক্ষা করতেই তিনি এ ব্যবস্থা নেন। রবিবার কর্মকর্তারা একথা বলেন।
১ হাজার ৪শ’ গাড়ি নিয়ে জার্মানিগামী হোয়েঘ ওসাকা নামের বিশাল জাহাজ পানিতে তলিয়ে থাকা ব্রামবল ব্যাংকের সমুদ্র সৈকতে উঠে যায়।
সিঙ্গাপুরে নিবন্ধিত ৫১ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন এ জাহাজ বালির তীরে ৪৫ ডিগ্রি কোণে আটকা পড়ে।
সেখান থেকে জাহাজটি কিভাবে উদ্ধার করা যায় এবং ব্যস্ত এ পোতাশ্রয়ের পরিবেশ কিভাবে স্বাভাবিক রাখা যায় সেব্যাপারে বিশেষজ্ঞরা পরিকল্পনা করছেন। শনিবার গ্রিনিচ মান সময় ২১৩০টার দিকে এ ঘটনার পরপরই হেলিকপ্টার ও লাইফবোটের সাহায্যে ১৮০ মিটার দীর্ঘ এ জাহাজে থাকা ২৫ ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
তবে এ ঘটনায় অনেক ক্রু আহত হলেও তাদের কারো অবস্থা আশংকাজনক নয়। -এএফপি