বগুড়ায় সেনাবাহিনীর প্রশিক্ষণ-মহড়া পরিদর্শন রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. আব্দুল হামিদ বগুড়ায় এসে সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ ও মহড়া পরিদর্শন করলেন। এসময় তার ভাষণে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পেশাগত কর্মকাণ্ড ও প্রশিক্ষণের পাশাপাশি দেশ ও জাতির প্রতিটি প্রয়োজনে সর্বদা গৌরবোজ্জল ভূমিকা পালন করে আসছে। নির্বাচনপূর্ব ও নির্বাচনকালীন এবং পরবর্তী সময়ে তাদের ওপর অর্পিত দায়িত্ব নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে পালন করে গণতন্ত্রের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সর্বদা সহযোগিতা করে আসছে। ক্রমবর্ধমান উন্নয়নের মাধ্যমে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ববাসীর কাছে একটি আধুনিক ও সময়োপযোগী সুশৃঙ্খল বাহিনীতে পরিণত হয়েছে। জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর অবদান সর্বজনস্বীকৃত এবং বিশ্ব দরবারে সুপ্রতিষ্ঠিত। সেনাবাহিনীকে আধুনিক, সুদক্ষ ও সময়োপযোগী করে গড়ে তোলার লক্ষে সরকারের আন্তরিক প্রচেষ্টা পূর্বের মতোই অব্যাহত থাকবে।
সোমবার দুপুরে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নিমাইদীঘি গ্রামে বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে শীতকালীন মহড়া প্রত্যক্ষ করার পর দরবারে প্রদত্ত ভাষণে তিনি এসব কথা বলেন। 
এসময় সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, ১১ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল একেএম আব্দুল্লাহিল বাকী, স্থানীয় সংসদ সদস্যগণ, পদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে এবারই প্রথম মেকানাইজড আক্রমণের রণকৌশল অবলম্বনে মেকানাইজ ফোর্সের আক্রমণের মহড়া পরিচালনা করা হয়। এটি ছিলো মেকানাইজড ফোর্স দ্বারা শত্র“র প্রতিরক্ষার সুসংগঠিত অগ্রবর্তী অবস্থানের ওপর আক্রমণের মহড়া। সেনাবাহিনীর সদস্যদের অর্জিত জ্ঞানের ব্যবহারিক প্রয়োগের জন্য শীতকালীন মহড়ার আয়োজন করা হয়।