বেসরকারী টেলিভিশন চ্যানেল একুশের সম্প্রচারে বিঘ্ন ঘটেছে। রবিবার রাত ২টার পর থেকে দেশের বিভিন্ন এলাকায় একুশে টেলিভিশন দেখা যাচ্ছে না। তবে প্রতিষ্ঠানটির প্রধান বার্তা সম্পাদক ইব্রাহিম আজাদ ইত্তেফাককে বলেন, তাদের সমপ্রচার সম্পূর্ণভাবে চালু আছে। বিভিন্ন এলাকায় ক্যাবল অপরাটারদের ডাউন লিংক সমস্যার কারণে সমপ্রচারে বিঘ্ন ঘটেছে। সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সচিব সারওয়ার আলম ইত্তেফাককে বলেন, বিটিআরসি থেকে একুশে টেলিভিশন বন্ধের ব্যাপারে কোন নির্দেশনা দেয়া হয়নি। কি কারণে সম্প্রচারে বিঘ্ন ঘটছে তা তিনি জানেন না। তবে অপর একটি সূত্র জানিয়েছে, কেবল অপারেটররাই একুশে টেলিভিশনের সম্প্রচার সারাদেশে বন্ধ করে দিয়েছে।