পল্টন থানায় দায়েরকৃত গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানকে চার সপ্তাহের জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক ও বিচারপতি কাশেফা হোসেনের ডিভিশন বেঞ্চ সোমবার এই আদেশ দেন।
গত ২৯ ডিসেম্বর সচিবালয়ের সামনে একটি সরকারি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় পল্টন থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। এই মামলায় হাইকোর্টে আত্নসমর্পণ করে জামিন চান রফিকুল ও আমানউল্লাহ আমান। তাদের পক্ষে সিনিয়র আইনজীবী এজে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট তাদের জামিন মঞ্জুর করে আদেশ দেয়।