আফগানিস্তানে মার্কিন সৈন্য রাখার পক্ষে আশরাফ ঘানি

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ঘোষণা দিয়েছেন, ২০১৬ সালের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সৈন্য প্রত্যাহার করা হবে। তাদের নিজস্ব বাহিনীকেই নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তবে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেছেন, প্রেসিডেন্ট ওবামার এ বিষয়টি পুনরায় পর্যালোচনা করা উচিত। খবর বিবিসি’র।

গত রবিবার রাতে মার্কিন সিবিএস টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাত্কারে আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেন, মার্কিন সৈন্য প্রত্যাহারের সময়সীমা যেন অন্ধ বিশ্বাসের মতো না হয়। গত মাসে আফগানিস্তান থেকে জোট বাহিনীর ১৩ বছরের যুদ্ধের সমাপ্তি টানা হয় এবং সৈন্য প্রত্যাহার করা হয়। মাত্র ১৩ হাজার সৈন্য দেশটির নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণসহ বিভিন্ন কাজের জন্য রেখে দেয়া হয়। এর মধ্যে বেশিরভাগই মার্কিন সৈন্য। টেলিভিশনের সিক্সটি মিনিটস অনুষ্ঠানে আশরাফ ঘানি বলেন, জোট বাহিনী বিভিন্ন দেশ তাদের লক্ষ্য পূরণের জন্য অনেক কিছুই করেছে। কিন্তু এখন সম্পূর্ণরূপে সৈন্য প্রত্যহারের যে ঘোষণা দেয়া হয়েছে তা ভেবে দেখা উচিত। সৈন্য রাখার বিষয়ে তিনি মার্কিন প্রেসিডেন্টকে বলবেন কিনা এরকম এক প্রশ্নের জবাবে আফগান প্রেসিডেন্ট বলেন, প্রেসিডেন্ট ওবামা আমাকে চেনেন। তাই আমাদের একে অপরকে বলার প্রয়োজন নেই। আশরাফ ঘানি ২০১৬ সাল পর্যন্ত দেশটিতে মার্কিন সৈন্য রাখার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর করেন। এর আগে তার পূর্বসূরী হামিদ কারজাই এ ধরনের চুক্তি স্বাক্ষরে অনীহা প্রকাশ করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়। আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারে তালেবান হামলা বেড়ে যায় এবং তারা নিজেদেরকে বিজয়ী দাবি করে।