প্রায় ৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে বাংলাদেশ কৃষি ব্যাংকের ঊর্ধ্বতন চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুদক কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপপরিচালক সেলিনা আখতার তাদের জিজ্ঞাসাবাদ করেন। উল্লেখ্য, কৃষি ব্যাংকের এজিএম এজহারুল হক ভুইয়ার বিরুদ্ধে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
মঙ্গলবার যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেন— কৃষি ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) এজহারুল হক ভুইয়া, ঢাকার স্থানীয় মুখ্য কার্যালয়ের এজিএম অখিল চন্দ্র দত্ত, কুষ্টিয়ার স্থানীয় মুখ্য কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) উত্তম কুমার কুণ্ড ব্যাংকের রুলস অ্যান্ড মাইক্রো ক্রেডিট বিভাগের ডিজিএম শহীদুল ইসলাম।
দুদক সূত্র জানায়, কৃষি ব্যাংকের এজিএম এজহারুল হক ভুইয়ার বিরুদ্ধে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুসন্ধানে ওই কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সম্পত্তির জাল দলিল ব্যাংকে বন্ধক রেখে ঋণ জালিয়াতির মাধ্যমে ওই অর্থ আত্মসাত্ করা হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে এজহারুল হক এ সব ঋণ প্রদান করেছেন। ঋণ জালিয়াতির এ সব অভিযোগের পাশাপাশি অবৈধ সম্পদ অর্জনের সুনিদিষ্ট অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এ সব অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১৪ সালের জুলাই মাসে তার বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে নামে দুদক।