ভাগ্যবান শিশু

ভাগ্যই বলতে হবে। বয়স মাত্র চার বছর। চার তলা ভবন থেকে পড়ে গেল। অথচ তার কিছুই হলো না! বিস্ময়কর এই ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটে।

গুজরাট রাজ্যের ভলসদে ঘটনাটি ঘটে গত ৩০ ডিসেম্বর। মাহি দেশাই নামের ওই শিশুটি বিকাল বেলা ছাদে খেলা করছিল। তার দাদী তাকে নজরে রাখছিল। খেলতে খেলতে হঠাত্ করেই ছাদ থেকে পড়ে যায় মাহি। কিছু বুঝে উঠতে পারেননি দাদী। দৌঁড়ে নীচে গেলেন; কিন্তু তার আগেই কংক্রিটের তৈরি ফ্লোরে পড়া বাচ্চাটিকে উদ্ধার করেন এক প্রতিবেশি। স্থানীয় হাসপাতালের চিকিত্সক এমএম কোরেশি বলেছেন, আমি সত্যিই বিস্মিত। এটা একটা মিরাকল বটে। এই বয়সের একটি শিশু চার তলা থেকে পড়ে বেঁচে যেতে পারলো! কেবল বেঁচেই গেল না। তার শরীরের আঘাতও খুব সামান্যই বলা যায়। তারপরও তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান ওই চিকিত্সক। তার বাবা হেমান্ত দেশাই বলেছেন, আমি আমার সন্তানকে ফিরে পেয়েছি এটাই আমার কাছে বড়।  এই বেঁচে যাওয়াটা তার সন্তানের দ্বিতীয়বারের মতো জন্মগ্রহণ। - এনডিটিভি