সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি বলেছেন, ইতিহাসের গর্বিত ভূ-ভাগ বিক্রমপুর বাংলাদেশের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি রবিবার দুপুরে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার নাটেশ্বরে প্রত্নতাত্ত্বিক খননকাজের উদ্বোধন শেষে একথা বলেন। নাটেশ্বর হাজার বছরের আগের বৌদ্ধমন্দিরের পুরাতাত্ত্বিক উদ্বোধনীতে তিনি বলেন, এ ঐতিহ্যের অংশীদার হতে পেরে আমিও গর্বিত। তিনি একাজে টেকনিক্যাল সার্পোট, প্রশিক্ষণসহ সবকিছু দিয়ে সহযোগিতা করার জন্য চীন সরকারকে ধন্যবাদ জানান। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বিক্রমপুর অঞ্চলে প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণা প্রকল্প পরিচালক ড. নূহ-উল-আলম লেনিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল, চীনা দূতাবাসের দ্বিতীয় সচিব হুয়াং লে. অতিরিক্ত পুলিশ সুপার এমএ মাসুদ হোসেন, বিক্রমপুর অঞ্চলে প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণা পরিচালক অধ্যাপক ড. সুফি মোস্তাফিজুর রহমান, প্রফেসর ড. চাই হুয়াংবো প্রমুখ। ‘অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের’ আয়োজনে এ বছর এই খননকাজ আগামী তিন মাস চলবে।
বিক্রমপুর অঞ্চলে প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণা পরিচালক অধ্যাপক ড. সুফি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, গ্রিন বিশ্ববিদ্যালয়, চীনের হুনান প্রভিন্সিয়াল ইনস্টিটিউট অব আর্কিওলজি এন্ড কালচারাল রেলিকস অংশগ্রহণ করছে। বিগত চার বছরের খননে রঘুরামপুরে বৌদ্ধবিহার আবিস্কার এবং নাটেশ্বরে বৌদ্ধমন্দির, অষ্টকোণাকৃতি স্তূপ, দেয়াল, ইট নির্মিত নালা এবং বজ্রযোগিনীতে প্রাচীন নৌকাসহ অনেক গুরুত্বপূর্ণ পুরাকীর্তি পাওয়া যায়।