অন্ধ্র প্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১২



ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের অনন্তপুর জেলার পেনুকোন্দা এলাকার কাছে বুধবার যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে কমপক্ষে ১২ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
রাজ্যের সড়ক পরিবহন মন্ত্রী এস রাঘাভা রাও বলেন, রাজ্যের সড়ক পরিবহন কর্পোরেশনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে।
তিনি বলেন, দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ও ত্রাণ সহায়তা কর্মীরা ঘটনাস্থলে গেছে। তবে দুর্ঘটনায় ঠিক কতজন ক্ষতিগ্রস্ত হয়েছে তা এই মুহূর্তে বলা হচ্ছে না। বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন।
আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর এবং তাদেরকে হিন্দুপুর ও ব্যাঙ্গালুরু হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহতদের বেশিরভাগই শিক্ষার্থী।
স্থানীয় পুলিশ জানায়, মাদাকাছিরা থেকে পেনুকোন্দাগামী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিক্সাকে সাইড দিতে গিয়ে খাদে পড়ে যায়।
এদিকে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু সড়ক পরিবহণ মন্ত্রী এস রাঘাভাসহ তিন মন্ত্রীকে ত্রাণ কার্যক্রম পর্যবেক্ষণ করতে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
সূত্র-বাসস।