যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বন্দি তালিকার ৫৩ জনের ভেতর বেশ কয়েকজনকে মুক্তি দিয়েছে কিউবা সরকার। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এ খবর জানিয়েছে। খবর বিবিসির।
মার্কিন মুখপাত্র জেন পাস্কি বলেছেন, তাদের তালিকাভুক্ত সকলেই অচিরেই ছাড়া পাবে—এটাই আশা করছে ওয়াশিংটন। তবে কাদের মুক্তি দেয়া হয়েছে, সে বিষয়ে তিনি কোনো কিছু জানাননি।
তিনি আরো বলেন, সকলকে মুক্তি দিলেও মানবাধিকার নিয়ে যে দুই পক্ষের মধ্যে আলোচনা হবে না—বিষয়টি এমন নয়। এ দিকে, কিউবায় মানবাধিকার লংঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে সমালোচকরা। ও দিকে, সব বন্দির মুক্তি না দেয়া পর্যন্ত এ মাসে অনুষ্ঠেয় আলোচনা স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন সিনেটর ও সমালোচক মারকো রুবিও। একটি ঐতিহাসিক পরিবর্তনের ইঙ্গিত দিয়ে গত মাসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা কিউবার সাথে স্বাভাবিক সম্পর্ক পুনঃস্থাপনের জন্য তার প্রশাসনকে নির্দেশ দেন। এ মাসে কিউবা ও ইউএস কর্মকর্তাদের মধ্যে বৈঠক করার কথা রয়েছে।