যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও জার্মানির চ্যান্সেলর এঙ্গেলা মার্কেলের মধ্যে একটি বৈঠক ধার্য করা হয়েছে। অর্থনীতি এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সংস্কার ব্রিটেনের প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিতব্য ওই বৈঠকের কেন্দ্রীয় বিষয় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সন্ত্রাস-বিরোধীসহ নিরাপত্তা ইস্যুগুলো এবং ইবোলা নিয়ে প্রতিক্রিয়াও সম্ভবত এ আলোচনার অংশ হবে। খবর বিবিসির।
ব্রিটেনের প্রধানমন্ত্রীর দপ্তর ডাউনিং স্ট্রিট থেকে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যত্ পরিবর্তনগুলো নিয়ে প্রধানমন্ত্রীর আলোচ্যসূচিও এতে তুলে ধরা হতে পারে। জার্মানি জি-৭ গ্রুপের সভাপতি থাকা অবস্থায় আগামী মে মাসে অনুষ্ঠিতব্য যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের আগে দেশটিতে এটিই হবে মার্কেলের শেষ সফর। এ দিকে, মার্কেলের সফরের বিষয়টি আগে থেকে জানানো হয়নি বলে অভিযোগ করেছে লেবার পার্টি।
ডাউনিং স্ট্রিট থেকে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নকে ঢেলে সাজানো নিয়ে ক্যামেরনের প্রস্তাব সত্ত্বেও জি-৭ গ্রুপে জার্মানির সভাপতিত্ব দুই নেতার আলোচনার কেন্দ্রীয় বিষয়বস্তু হতে পারে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তরের একজন মুখপাত্র বলেছেন, ‘এই প্রক্রিয়ার অংশ হিসেবে আমি বিশ্বাস করি— তিনি (মার্কেল) বেশ কিছু সংখ্যক জি-৭ রাজধানী সফর করবেন এবং আমি প্রত্যাশা করি—তাদের বৈঠক প্রধানত এ আলোচ্যসুচিকে অন্তভুক্ত করবে।’