প্যারিসে 'শার্লি অ্যাবদো'য় গুলি: নিহত ১২, সন্দেহে আইএস

 
ফ্রান্সের প্যারিসে 'শার্লি অ্যাবদো' নামের একটি ম্যাগাজিন অফিসে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে দুই পুলিশ সহ ১২ জন নিহত হয়েছে। সম্প্রতি পত্রিকাটি এক আইএস নেতার ব্যঙ্গাত্মক ছবি ছাপানোর কারণে ধারণা করা হচ্ছে আইএসের পক্ষ থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে। খবর রয়টার্সের।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুই জন বন্দুকধারী 'শার্লি অ্যাবদো' ম্যাগাজিনের প্যারিস অফিসে কালাশনিকভ অ্যাসল্ট রাইফেল নিয়ে এলোপাথাড়ি গুলি চালায়। এসময় ১২ জন নিহত সহ আরো কয়েকজন আহত হয়।
প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ 'শার্লি অ্যাবদো'র অফিসের বাইরে এটিকে একটি সন্ত্রাসবাদী হামলা হিসেবে বলেছেন। তিনি সাংবাদিকদেরকে আরো বলেন, 'যারা হামলা চালিয়েছে তারা নিঃসন্দেহে বর্বর মানুষ।'
'শার্লি অ্যাবদো' নামের সাপ্তাহিক ম্যাগাজিনটি ব্যঙ্গাত্মক খবর ও কার্টুন প্রকাশের জন্য জনপ্রিয়। হামলার কিছুক্ষণ আগে তারা আইএস নেতা আবু বকর আল বাগদাদির ব্যঙ্গাত্মক ছবি টুইটারে প্রকাশ করেছিল।