আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুসারে যথাসময়েই হবে। সব দলের অংশগ্রহণের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে আওয়ামী লীগ বদ্ধপরিকর। ওই সময় সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হবে। তখন বিএনপি যতবার চাইবে ততবারই আলোচনার টেবিলে বসবে আওয়ামী লীগ। সে পর্যন্ত বিএনপিকে অপেক্ষা করতেই হবে।
বুধবার বিকালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জনসভার মঞ্চ পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মাহবুব-উল-আলম হানিফ বলেন, আওয়ামী লীগ সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। শুধু ডিএমপির নিষেধাজ্ঞার কারণে ৫ জানুয়ারি সব প্রস্তুতি থাকা সত্ত্বেও সমাবেশ স্থগিত করা হয়। আমরা এখনো আইনের প্রতি শ্রদ্ধাশীল। আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সমাবেশ অনুষ্ঠিত হবে। আমরা আশাবাদী এই সমাবেশের আগেই নিষেধাজ্ঞা থাকবে না। কারণ, আমরা এক মাস আগেই এ সব কর্মসূচি ঘোষণা করেছি। তবে নিষেধাজ্ঞার মধ্যে কোনো কর্মসূচি পালন করে আইন ভঙ্গ করতে চাই না।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ প্রমুখ।