র‌্যাবকে হাইটেক বাহিনীতে পরিণত করা হবে : বেনজীর

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, র‌্যাবকে পুনর্গঠন করে হাইটেক বাহিনীতে পরিণত করা হবে। জঙ্গি, সন্ত্রাস ও সংগঠিত অপরাধ প্রতিরোধ করার লক্ষ্যে কাজ করাই হবে র‌্যাবের প্রধান লক্ষ্য। গতকাল বুধবার দায়িত্ব গ্রহণশেষে দুপুরে র্যাব সদর দফতরে সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন। পরে তিনি ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

বেনজীর আহমেদ বলেন, র‌্যাব শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। র‌্যাবের উপর সাধারণ মানুষের আস্থা আগের চেয়ে অনেক বেড়েছে। র‌্যাব এখন সন্ত্রাস-জঙ্গি দমনসহ বিভিন্ন কাজে উন্নত প্রযুক্তি ব্যবহার করছে। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী অধিকতর উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে। বিশ্বে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে নিত্যনতুন প্রযুক্তি উদ্ভাবন হচ্ছে। প্রথমে দেখা হবে, র‌্যাবের সক্ষমতা কতটুকু। তারপর নতুন প্রযুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। র্যাবকে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দৃঢ়তার সাথে কাজ করা হবে।

র‌্যাবকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে কি না— জানতে চাইলে ডিজি বলেন, এক শ্রেণির রাজনীতিবিদ রাজনীতির স্বার্থেই সবকিছুতে রাজনীতি খোঁজেন। তাদের কথায় কান না দিয়ে র‌্যাব নিজের কাজ করে যাবে। র‌্যাবের কোন সদস্য যদি কোন অপরাধ করে তার দায়-দায়িত্ব তাকেই নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠবে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সাংবাদিক সম্মেলনে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান, ডিআইজি আফতাব উদ্দিন আহমেদ ও লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মাহমুদ খানসহ অন্য পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।