খালেদাকে ‘অবরুদ্ধ’ রাখায় ঢাবি শিক্ষকদের উদ্বেগ

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ করে রাখা এবং দলটির মহাসচিবসহ নেতা-কর্মীদের গ্রেফতার ও হামলায় উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ে বিএনপি-জামায়াত সমর্থিত সাদাদলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. আমিনুর রহমান মজুমদার এবং অধ্যাপক মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ আজ এক গভীর রাজনৈতিক সংকটকাল অতিক্রম করছে। সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির জন্য রাজনৈতিক সমঝোতার পরিবেশ তৈরিতে সরকারের সর্বাধিক গুরুত্বারোপ করা প্রয়োজন। কিন্তু সরকার তা না করে বরং অগণতান্ত্রিক ও প্রতিহিংসামূলক আচরণের মাধ্যমে রাজনৈতিক পরিস্থিতিকে অবনতির দিকে ঠেলে দিচ্ছে।

বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক সদরুল আমিন, অধ্যাপক সৈয়দ আবুল কালাম আজাদ, অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম, অধ্যাপক মো. আখতার হোসেন খান, অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক লায়লা নূর ইসলাম, অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান প্রমুখ।