তত্ত্ববধায়ক সরকারের কথা বলে লাভ হবে না: স্বাস্থ্যমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আপনি এখনো তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছেন, তত্ত্ববধায়ক সরকার মরে গেছে। তাদের কবর হয়ে গেছে। এ কথা বলে আর কোনো লাভ হবে না।
বৃহস্পতিবার সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে সরকারি কলেজ মাঠে আয়োজিত প্রথম পর্বের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাসিম এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়া অসুস্থতার ভান করে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। 
খালেদ জিয়ার উদ্দেশে তিনি বলেন, আপনি নাটক করছেন। আপনি যদি সত্যিকারের অসুস্থ হয়ে থাকেন, তাহলে আমাকে বলেন। আমি স্বাস্থ্যমন্ত্রী হয়ে কথা দিচ্ছি, মেডিকেল বোর্ড পাঠিয়ে আপনাকে সুস্থ করে তুলব। আগামী নির্বাচনে আপনাকে পরাজিত করে আমরা চ্যাম্পিয়ন হব।
তিনি আরও বলেন, আপনি একাই আন্দোলনের ডাক দিয়েছেন।  আপনার পেছনে আপনার কোনো নেতা-কর্মী এখন আর নেই। কেউ আপনার ডাকে আর সাড়া দেবে না।