গুলশান অফিসে ‘অবরুদ্ধ’ অবস্থায় আইন-শৃংখলা বাহিনীর নিক্ষিপ্ত পিপার সেপ্র’র বিষক্রিয়ায় অসুস্থ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি-বিজেপির প্রেসিডেন্ট অমিত শাহ। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় চেয়ারপারসনের কার্যালয়ে কয়েকজন সাংবাদিকের উপস্থিতিতে এক ব্রিফিং এ খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল একথা জানান।
সোহেল জানান, গত বুধবার রাত সাড়ে দশটায় টেলিফোন করে বিজেপি প্রধান এই অসুস্থাতার খোঁজখবর নেন। তিনি বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করেন। এ সময় তিনি উদ্বেগ প্রকাশ করেন। বিএনপি চেয়ারপারসন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির প্রধানকে তার আন্তরিকতার জন্য ধন্যবাদ জানান। সোহেল বলেন, ভারত ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের নেতারা খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন। চেয়ারপারসনের স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে। ব্রিফিংকালে উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, উপদেষ্টা আব্দুল কাইয়ুম, বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস, সহকারী মাহবুব আল আমিন ডিউ, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, মহিলা নেত্রী বিলকিস জাহান শিরিন, বিলকিস ইসলাম, মির্জা ফারজানা রহমান হোসেনা, আয়েশা সিদ্দিকা মনি, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান প্রমুখ।