রূপা গাঙ্গুলি বিজেপিতে যোগ দিলেন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আদর্শে অনুপ্রাণিত হয়ে মহাভারতের দ্রৌপদি খ্যাত অভিনেত্রী রূপা গাঙ্গুলী বিজেপিতে যোগ দিয়েছেন। বুধবার হাওড়ার শরত্ সদনে বিজেপির একটি সভায় উপস্থিত হন রূপা। বিজেপির শীর্ষস্থানীয় নেতাা অরুণ জেটলি, সিদ্ধার্থনাথ সিং, রাহুল সিনহা প্রমুখের উপস্থিতিতে টালিউডের এই তারকা যোগ দেন বিজেপিতে। হাতে তুলে নেন দলের পদ্মফুল আঁঁকা পতাকা। পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি গ্ল্যামারের টানে বিজেপিতে আসিনি। গ্ল্যামার জীবনে অনেক পেয়েছি। ভোটে দাঁড়ানোর লোভেও আসিনি। এসেছি নরেন্দ্র মোদির ভাবধারায় অনুপ্রাণিত হয়ে। মানুষের সেবা করতে চাই। মানুষের বিশ্বাস অর্জন করে তাদের পাশে থেকে কাজ করতে চাই। ঘরে বসে সমালোচনা ও নেতিবাচক কথাবার্তায় আমি বিশ্বাসী নই। তাই রাস্তায় নেমে কাজ করতে চাই।’ তিনি আরও বলেন, রাজ্য সরকারের কাছ থেকে যতটা কাজ আশা করেছিলেন, তা দেখতে পাননি। তাই তিনি হতাশ। ৪২ বছর বয়সী এই অভিনেত্রী বাংলা চলচ্চিত্র ছাড়াও হিন্দি ও ইংরেজি ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি ভারতের জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী।