রাজধানীতে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

রাজধানীর গুলশানের শাহজাদপুরে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় রিকশাভ্যানের তিন যাত্রীর মৃত্যু হয়েছে।  আহত হয়েছেন আরো দুই জন। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে শাহজাদপুরের প্রগতি স্মরণীর কনফিডেন্স টাওয়ারের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, দুই রিক্শা চালক বিল্লাল হোসেন (৩০) ও মো: লিটন (৩০) এবং নিরাপত্তাকর্মী আবু তাহের ভূইয়া (৬০)।
গুলশান থানার ওসি রফিকুল ইসলাম জানান, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে শাহজাদপুরের প্রগতি স্মরণীর কনফিডেন্স টাওয়ারের সামনে সদরঘাট থেকে টঙ্গীগামী ‘সুপ্রভাত’ নামে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই রিকশাভ্যানের তিনি যাত্রীর মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘতক বাসটিকে আটক করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে।