অবরোধের মাঝেই বিশ্ব ইজতেমা

 
 বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধের মধ্যেই শুক্রবার বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। তুরাগ নদীর তীরে রবিবার মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্ব শেষ হবে। সম্প্রতিকালে কোনো রাজনৈতিক দলগুলোকে বিশ্ব ইজতেমা চলাকালে হরতাল বা অবরোধের মতো কর্মসূচি দিতে দেখা যায়নি।
তাবলিগ জামাতের উদ্যোগে প্রতিবছর ইজতেমায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসল্লিরা অংশ নেন। এবারও ৫০টি দেশ থেকে মুসল্লিরা এসেছেন।আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, ইজতেমার প্রথম দিনে সারাদেশ থেকে কয়েক লক্ষ মুসল্লি সেখানে জমায়েত হয়েছেন।
দেশের বিভিন্ন জায়গা থেকে মুসল্লিরা দল বেঁধে বাস-ট্রাক এবং ট্রেনে করে ইজতেমায় আসছেন।
ইজতেমাকে কেন্দ্র করে র‍্যাব, পুলিশসহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীগুলো কয়েকস্তরের কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব হবে ১৬ থেকে ১৮ই জানুয়ারি।
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের সময় লাগাতার অবরোধ শিথিল করার জন্য বিএনপির উপর চাপ ছিল দলের ভিতর এবং বাইরে থেকে।
যাতে সারাদেশ থেকে সাধারণ মুসল্লিরা নির্বিঘ্নে আসতে পারেন।
কিন্তু বিএনপি তাদের অবরোধ কর্মসূচি বহাল রেখেছে।