‘বিজেপি সভাপতির ফোনে বিএনপির উল্লসিত হওয়ার কিছু নেই’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতের বিজেপি সভাপতি অমিত শাহ এর ফোনে বিএনপি’র উল্লসিত হওয়ার কিছু নেই।
তিনি বলেন, বিএনপি বর্তমানে বিদেশি কূটনীতি নির্ভর একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে।
শুক্রবার দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কালনা ফেরীঘাট পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বিএনপি নের্তৃত্বাধীন বর্তমান আন্দোলনের সাথে জনগণের কোন সম্পৃক্ততা নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, আন্দোলনের নামে বিএনপি সন্ত্রাস ও নাশকতা সৃষ্টি  করছে। ২০দলীয় জোটের লাগাতার অবরোধ কর্মসূচি অব্যাহত থাকলেও সকল প্রকার যান চলাচল অব্যাহত রাখতে সরকার সিদ্ধান্ত নিয়েছে।
এছাড়া আগামী এপ্রিলে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) এর অর্থায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালনা সেতুর নির্মাণ কাজের উদ্বোধণ করবেন বলেও জানান সেতুমন্ত্রী। কালনা সেতুকে পদ্মাসেতুর একটি অংশ হিসেবে উল্লেখ করে এ সেতুটি দেশের পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী ওবায়দুল কাদের।
এসময় সড়ক পরিবহন ও সেতু বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো.আবুল কাশেম ভূঞা, তত্ত্ববধায়ক প্রকৌশলী মোহাম্মদ ইকবাল ও গোপালগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সমীরণ রায়সহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।