লেবাননে এক শক্তিশালী ঝড়ের কবলে পড়ে অন্তত চার সিরীয় শরণার্থীর মৃত্যু হয়েছে। এ ছাড়া, অব্যাহত তুষারপাত ও বৃষ্টির কারণে শিবিরগুলোতে টিকে থাকতে সংগ্রাম করতে হচ্ছে ১০ লাখেরও বেশি শরণার্থীকে। খবর আল-জাজিরার।
মাসনা সীমান্তে আঘাত হানা ঝড়ে তিন মাস বয়সী এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। সিরিয়ার বেইতজিন গ্রাম থেকে দক্ষিণ লেবাননের সেবা এলাকায় প্রবেশের সময় আরো তিন জনের মৃত্যু হয়। এর মধ্যে ছয় বছর বয়সী এক ছেলে শিশুও রয়েছে।
‘জিনা’ নামের ঝড়ের আঘাতে এরই মধ্যে লেবাননের স্কুল ও রাস্তাঘাট বন্ধ করে দেয়া হয়। সাময়িকভাবে বাতিল করা হয় বিমানের ফ্লাইট।
বেকাভ্যালি এলাকায় প্রচুর তুষার পড়তে দেখা গেছে। ওই এলাকায় শরণার্থীদের মধ্যে শীতসামগ্রী ও খাবারের মারাত্মক সংকট লক্ষ্য করা যাচ্ছে। দ্রুত শীতসামগ্র্রী না পাঠানো হলে অবস্থা ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ ব্যাপারে জাতিসংঘের শরণার্থী সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, সেখানে শীতসামগ্রীর কিছুটা সংকট রয়েছে। তবে তাদের নিবন্ধনভুক্ত মোট ৪ লাখ ২ হাজার শরণার্থীর প্রায় ৮০ শতাংশের মধ্যে আগেই শীতসামগ্রী বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, লেবাননে এ পর্যন্ত প্রায় ১১ লাখ সিরীয় শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে। এদের মধ্যে বেশির ভাগই মানবেতর জীবনযাপন করছে।