বাসায় ফিরবেন না খালেদা

গুলশানের স্বীয় রাজনৈতিক কার্যালয়ে ষষ্ঠ দিন পার করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কার্যালয়ের মূল ফটকের তালা খুলে দেয়া হয়েছে। পুলিশের সংখ্যাও কমানো হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তালা ঝুলিয়ে দেয় গুলশান থানা পুলিশ। যা বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে খুলে দেয়া হয়েছিল। তালা খুলে দিলেও খালেদা জিয়া তার কার্যালয় ছাড়ছেন না। তার সঙ্গে সেখানে অবস্থানকারী একজন কর্মকর্তা জানিয়েছেন বেগম জিয়া কোনক্রমেই ঐ কার্যালয় ত্যাগ করবেন না। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, খালেদা জিয়া অবরুদ্ধ নন, ইচ্ছে করলে পুলিশের নিরাপত্তা নিয়ে বাসায় ফিরে যেতে পারেন। বাসায় ফিরতে কোন বাধা নেই। তবে তার সঙ্গে সাক্ষাত্ করতে আসা সাংবাদিক নেতা এবং পেশাজীবীদের খালেদা জিয়া জানিয়েছেন, তার অফিসের সম্মুখ থেকে পুলিশ সরলে তিনি নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন। সেখান থেকে আন্দোলন পরিচালনা করবেন। মধ্যবর্তী নির্বাচন নিয়ে ’ফায়সালা’ না হওয়া অবধি তিনি বাসায় ফিরবেন না। তিনি ‘অবরোধ’ চালিয়ে জেতে চান।

এদিকে গত শনিবার রাত থেকে কার্যালয়ের সামনে ও কার্যালয়ের দক্ষিণ পাশে ৮৬ নম্বর রোডে আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্যের উপস্থিতি থাকলেও গতকাল তা অনেক কম ছিল। ঐ রোডের মাথায় ২৮-৩০ জন পুলিশকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। কার্যালয়ের সমানের রাস্তার দক্ষিণ পাশে একশ’ গজের মধ্যেই একটি জলকামান ও উত্তর পাশে দু’টি পুলিশ ভ্যান আড়াআড়িভাবে রাখা আছে। তবে সকাল থেকে নিরাপত্তা পাহারা ঢিলেঢালা থাকলেও বিকালের দিকে সতর্ক অবস্থান নেয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
তবে কার্যালয় থেকে খালেদা জিয়ার বাসায় যাওয়ার সড়কে আগের মতো দু’টি পুলিশের গাড়ি দিয়ে তৈরি ব্যারিকেড রয়েছে। ওই সড়কে সাধারণ মানুষ ও যান চলাচল বন্ধ রাখা হয়েছে। সাংবাদিকদেরও পরিচয়পত্র দেখিয়ে ওই সড়কে প্রবেশ করতে হয়। কার্যালয়ে প্রবেশে কড়াকড়ি আছে আগের মতোই। পেশাজীবী নেতা ও কার্যালয়ের কর্মকর্তা ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। চেয়ারপারসনের কার্যালয়ে অবস্থানরত এক কর্মকর্তা জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
ইজতেমায় আসা যানবাহন অবরোধের
আওতামুক্ত :রিজভী
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ নেতাকর্মীদের অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল শুক্রবার রাজধানীর বনানীর একটি বাড়িতে কয়েকটি বেসরকারি টেলিভিশন সাংবাদিককে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, রাজপথ, রেলপথ ও নৌপথে অবরোধ কর্মসূচি চলবে। তিনি দেশবাসীর প্রতি সর্বাত্মক অবরোধ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
রিজভী বলেন, বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। ইজতেমার পাশাপাশি এর সঙ্গে অবরোধও চলবে। তবে বিশ্ব ইজতেমায় আসা যানবাহন অবরোধের আওতামুক্ত থাকবে। রিজভী আহমেদ বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর গ্রেফতারের নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেন।
আওয়ামী লীগের সমাবেশের দিন বিএনপি
সমাবেশ করতে চায়
বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অবস্থানরত এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, আওয়ামী লীগ যে দিন ঢাকায় সমাবেশ করবে বিএনপিও সেদিন সমাবেশ কর্মসূচি দিবে। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ৫ জানুয়ারি থেকে সমাবেশের কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে রেখেছেন। পুলিশ রাজধানীতে ৫ জানুয়ারি থেকে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। যা গতকাল পর্যন্ত প্রত্যাহার করেনি।।
মির্জা আব্বাসের বাসায়
পুলিশি তল্লাশি
ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক মির্জা আব্বাসের বাসায় পুলিশ তল্লাশি চালিয়েছে বলে জানা গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে একদল পুলিশ আব্বাসের শাহজাহানপুরের বাসায় প্রবেশ করে। এ সময় তারা বাসার বিভিন্ন কক্ষে তল্লাশি চালায়। পুলিশ তার স্ত্রী আফরোজা আব্বাসকে জিজ্ঞাসাবাদ করেন। পুলিশ তার কাছে মির্জা আব্বাস কোথায় এ তথ্যও জানতে চায়। আফরোজা পুলিশকে জানান, মির্জা আব্বাস কোথায় আছেন তা তিনি জানেন না। গত কয়েকদিন ধরে আব্বাসের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ নেই। তবে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান তল্লাশির বিষয়টি অস্বীকার করেন।
উল্লেখ্য,  বিএনপির প্রায় সব নেতাই গত এক সপ্তাহ ধরে আত্মগোপনে আছেন।
নারী সাংবাদিকদের সাক্ষাত্
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত্ করেছেন বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের চারজন নেতা। তারা হলেন- সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রোজী ফেরদৌস, সাধারণ সম্পাদক মাহমুদা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফাহমিদা আহমেদ ও সদস্য তারিন তাসনিহ।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তারা অনুমতি পেয়ে কার্যালয়ে প্রবেশ করেন। এরপর সন্ধ্যা সোয়া সাতটার দিকে তারা বেরিয়ে আসেন। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রোজী ফেরদৌস। তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন আগের চেয়ে বেশ সুস্থ। তবে পিপার সেপ্রর কারণে তিনি শ্বাসকষ্টে ভুগছেন। নিয়মিত ইনহেলার নিতে হচ্ছে তাকে।’

রোজী ফেরদৌস বলেন, ‘আমরা তার সঙ্গে দেখা করে কুশল বিনিময় করেছি। তার আরোগ্য কামনা করে দেশবাসীকে দোয়া করতে বলেছেন তিনি।’