দ. কোরিয়ার অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডে ৩ জনের মৃত্যু, আহত ১০১

 
 
সিউলের উত্তরে একটি অ্যাপার্টমেন্ট ভবনে শনিবার ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন জনের প্রাণহানি ও আরো শতাধিক আহত হয়েছে। বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, আহতদের সাতজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ইউইজিয়োংবু নগরীতে এই ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে।
 
নগরীর মেয়র আহন বাইয়েং-ইয়োং সাংবাদিকদের বলেন, ‘এই ঘটনায় তিন জন নিশ্চিতভাবে মারা গেছে এবং আরো ১০১ জন আহত হয়েছে।’ তিনি আরো বলেন, ১০তলা অ্যাপার্টমেন্ট ভবনটিতে ১৭৫ জন বাসিন্দা বাস করত।
নিচ তলার একটি পোস্ট বক্স থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এরপর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানায় ইয়োনহাপ।
ধোঁয়া ও আগুনের কারণে বাসিন্দারা ভবনটির সামনের প্রবেশ পথ দিয়ে বেরুতে পারেনি।
মোট ২৫টি অগ্নি নির্বাপক যন্ত্র, চারটি হেলিকপ্টার ও ১৪৫ দমকল কর্মী এই আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। খবর বাসসের।