দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ও কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন প্রাণ নাশের হুমকি পেয়েছেন মর্মে শনিবার বিকালে লৌহজং থানায় সাধারণ ডায়েরি করেছেন। সাধারণ ডায়রিতে উল্লেখ করা অভিযোগ অনুযায়ী, উপজেলার মেদিনীমণ্ডল গ্রামে নিজের বাড়ির নির্মাণ কাজে কিছু দুর্বৃত্ত তার কাছে চাঁদা দাবি করে গত শুক্রবার। কিন্তু তা না পেয়ে দুর্বৃত্তরা তাকে খুন করার হুমকি দেয়। এই ঘটনায় ইমদাদুল হক তার ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় এই ডায়েরি করেছেন বলে ইমদাদুল হক মিলনের আইনজীবী লাবলু মোল্লা জানিয়েছেন।
লাবলু মোল্লা জানান, “দুর্বৃত্তরা কিছুদিন ধরে তার বাড়িতে কর্মরত ও নিয়োজিত লোকজনদের কাছে চাঁদা দাবি করে আসছে। শুক্রবার সকালে ইমদাদুল হক মিলন বাড়ির কাজ দেখাশোনা করতে গেলে স্থানীয় সন্ত্রাসী আব্দুল মোতালেব (৫০), আব্দুর রব (৪৮), টিটু ওরফে ছেচড়া টিটু (২২), সবুজ ওরফে সন্ত্রাসী সবুজ (২২), রাকিবসহ (১৮) অজ্ঞাতনামা আরো ৮/১০ জন সন্ত্রাসী তাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাকে, তার স্ত্রী, সন্তান ও ভাইদের পরিবারের সদস্যদের খুন করে লাশ গুম করার হুমকি দেয়।”
ইমদাদুল হক মিলনের ডায়েরি করার কথা স্বীকার করে লৌহজং থানার ওসি মো. তোফাজ্জেল হোসেন জানান, অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে কাজে নেমেছে পুলিশ।