বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন, স্মৃতিচারণ, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং চলমান অবরোধ কর্মসূচিসহ সকল ষড়যন্ত্র ও বাধা প্রতিহত করে দেশকে এগিয়ে নেয়ার অঙ্গীকারের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় গতকাল শনিবার সারাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর পাকিস্তানের অন্ধকার কারাগার থেকে মুক্ত হয়ে বঙ্গবন্ধু প্রথমে লন্ডন ও পরে দিল্লী হয়ে ১৯৭২ সালের এই দিনে স্বদেশের প্রিয় মাটিতে ফিরে আসেন। দিবসটি উপলক্ষে গতকাল ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় এবং সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে আসে। ভোর সাড়ে ৬টা থেকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা মিছিল করে ৩২ নম্বর সড়কের পূর্ব ও পশ্চিম পাশের মোড়ে জমায়েত হতে থাকে। সকাল ৭টার মধ্যেই   সর্বস্তরের মানুষের ভিড়ে কানায়-কানায় পূর্ণ হয়ে যায় ৩২ নম্বর সড়ক ও আশেপাশের এলাকা। প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন শেষে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা ত্যাগ করার পর সর্বস্তরের নারী-পুরুষ বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। সকাল ১০টার মধ্যেই বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফুলে-ফুলে ভরে যায়।
ঢাকা মহানগর আওয়ামী লীগের পক্ষে ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ এবং সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া কেন্দ্রীয় যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, জাতীয় শ্রমিক লীগ ও বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ছাড়াও মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, বাংলাদেশ বিসিএস অফিসার্স এসোসিয়েশন, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বঙ্গবন্ধু পরিষদ, বাংলাদেশ তাঁতি লীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ সমিতি, বাংলাদেশ নৌকামাঝি শ্রমিক লীগ, বাংলাদেশ পানি উন্নয়ন শ্রমিক কর্মচারী লীগ, আওয়ামী শিল্পী গোষ্ঠী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বঙ্গবন্ধু লেখক পরিষদ, বঙ্গবন্ধু জাতীয় চার নেতা পরিষদ, বঙ্গমাতা পরিষদ, বঙ্গবন্ধু সাহিত্য পরিষদ, বাংলাদেশ রিকশা শ্রমিক লীগ, বাংলাদেশ আওয়ামী তরুণ লীগ, বাংলাদেশ হকার্স লীগ, আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ, ওলামা লীগ প্রভৃতি সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানায়।
এদিকে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল জাতীয় প্রেসক্লাবের ভিআইপি কনফারেন্স লাউঞ্জে বঙ্গমাতা পরিষদ আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি মোজাফফর হোসেন পল্টু’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এ.কে আজাদ চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক এম আনিছুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

দিবসটি উপলক্ষে গতকাল বেলা ১১টায় বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি মো. নজরুল ইসলাম তালুকদার। এ সময় অন্যান্যের মধ্যে পরিষদের সাধারণ সম্পাদক নাছির উল্লাহ ভুঁইয়া, সহ-সভাপতি মো. নজরুল ইসলাম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুন উর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।