দেশে ’৯৬ পূর্ববর্তী সংকটের মতো অবস্থা চলছে

বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন বলেছেন, দেশে বর্তমানে ৯৬ সালের পূর্ববর্তী রাজনৈতিক সংকটের মত অবস্থা বিরাজ করছে। গতকাল শনিবার বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধানমন্ডিতে বাংলাদেশ ইন্সটিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আয়োজিত স্মরণ সভায় তিনি এ কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, সে সময়ে সাহসিকতার সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করে বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান দেশকে সংকট থেকে উত্তরণ করেছিলেন। তখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা   নিয়ে বিতর্ক থাকলেও তিনি তার নিরপেক্ষ ভূমিকার কারণে ছিলেন সব বিতর্কের ঊর্ধ্বে।
তিনি আরো বলেন, ধর্মকে কেন্দ্র করে সাম্প্র্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দেয়ার প্রবণতা আমাদের জাতিগত ঐক্য ধ্বংস করে। ব্যক্তি জীবনে ধার্মিক হাবিবুর রহমান ধর্মভিত্তিক রাজনীতির বিরোধিতা করেছেন। সাম্প্র্রদায়িক সম্প্র্রীতি রক্ষায় তার অবদান অনন্য।
স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান, সাবেক প্রধান বিচারপতি এটিএম আফজাল হোসেন, ইন্সটিটিউটের পরিচালক শাহদীন মালিক প্রমুখ।
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, মুহাম্মদ হাবিবুর রহমান ছিলেন বহুমাত্রিক গুণসম্পন্ন ব্যক্তি। বিচিত্র বিষয়ে তাঁর চিন্তাভাবনা ছিল। তিনি নতুন চিন্তায় পরিপূর্ণ একজন ব্যক্তি ছিলেন। তাঁর সাহিত্য পাঠ না করে তাঁকে জানা সম্ভব নয়। হাবিবুর রহমান বিচিত্র বিষয়ে বই লিখে গেছেন। এতে তাঁর সাহিত্যিক পরিচয় পাওয়া যায়।
এটিএম আফজাল হোসেন বলেন, তিনি নিজে ধার্মিক ছিলেন। ধর্মের রীতিনীতি মেনে চলতেন। সব ধর্মের প্রতি তিনি যেমন ছিলেন শ্রদ্ধাশীল তেমনি জানাশোনা মানুষ। ব্যক্তি হিসেবে হাবিবুর রহমান খুবই বিনয়ী ও সদালাপী ছিলেন।

শাহদীন মালিক বলেন, বিচারপতি হাবিবুর রহমান ছিলেন কবি ও লেখক। এছাড়া রবীন্দ্র চর্চা করতেন, কোরআন অনুবাদ করেছেন। ছিলেন ন্যায়বিচারক ও শিক্ষক।