ছয় মার্কিন সিনেটরের সই জাল করে মিথ্যা বিবৃতি দেয়া হয়েছে: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতের ক্ষমতাসীন পার্টির সভাপতি অমিত শাহ্ খালেদা জিয়াকে ফোন করেননি। মার্কিন যুক্তরাষ্ট্রের ৬ সিনেটর বিবৃতি দিয়ে উদ্বেগ প্রকাশ করার ঘটনাটিও সত্য নয়। তাদের স্বাক্ষর জাল করে এ ধরনের মিথ্যা বিবৃতি প্রচার করা হয়েছে। তিনি বলেন, বিএনপি সব সময় আওয়ামী লীগ ও ভারতের কঠোর সমালোচনা ও বিরোধিতা করত। কিন্তু এখন তাদের ভারতপ্রীতি সৃষ্টি হয়েছে। এ যেন ভূতের মুখে রাম নাম। ভারতের সমর্থন পেতে তারা মিথ্যা প্রচারও করছে।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল শনিবার সকালে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন। এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন।