সোমবার ঢাকাসহ ১৪ জেলায় ছাত্রদলের হরতাল

আগামীকাল সোমবার ঢাকাসহ ১৪ জেলায় হরতাল ডেকেছে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে এবং আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয়া হয়েছে।
ঢাকা ছাড়াও নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ , মানিকগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ , ময়মনসিংহ,  শেরপুর, জামালপুর  ও নেত্রকোণায় এই হরতাল চলবে বলে ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার দুপুর ২ টায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণ দিয়ে রেখেছে আওয়ামী লীগ। সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেয়ার কথা রয়েছে। আওয়ামী লীগের সমাবেশ ঘোষণার মধ্যেই এই হরতালের ঘোষণা আসলো।
অবশ্য গত ৫ জানুয়ারি রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপি নেতৃত্বধীন ২০ দলীয় জোটের পাল্টাপাল্টি সমাবেশ ঘোষণার পর ৪ জানুয়ারি বিকাল ৫ টা থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত রাজধানীতে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল ডিএমপি যা এখনো বলবত আছে।