মন্ত্রী পেল গরুরা

 
ভারতের রাজস্থান রাজ্যে গরুদের জন্য একটি মন্ত্রণালয় খোলা হয়েছে। আর মন্ত্রণালয়টির প্রথম মন্ত্রী হয়েছেন ওটারাম দিভাসি। এর আগে রাজ্য বিজেপি জানিয়েছিল তারা রাজ্য সরকার গঠন করতে পারলে গরুদের দেখাশুনার জন্য আলাদা একটি মন্ত্রণালয় খুলবে।
৪৮ বছর বয়সী ওটারাম দিভাসি নিজেকে ভারতের প্রথম 'গো পালন মন্ত্রী' হিসেবে পরিচয় দিচ্ছেন। তার জন্ম রাজস্থানের 'রাবারিস' সম্প্রদায়ে। এই সম্প্রদায়ের লোকজন পশু পালন করে জীবিকা নির্বাহ করে থাকে।
রাজস্থানের ২০১৩ সালের রাজ্যসভা নির্বাচনে তিনি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) হয়ে বিধায়ক নির্বাচিত হন ওটারাম দিভাসি। নির্বাচনী ইস্তেহারে ওটারাম ও তার নেতা বসুন্ধরা রাজ রাজস্থানবাসীর কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচিত হলে তারা একটি পৃথক গরু বিষয়ক মন্ত্রণালয় গঠন করবে। ওটারামের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে সরকার সেই প্রতিশ্রুতি পূরণ করল।
ওটারাম দিভাসির নিজেরও ২৫টির মত গরু আছে। গরুগুলোর দেখাশোনা তিনি নিজেই করেন। আর সবসময় রাখালের বেশে থাকতেই স্বাচ্ছন্দ বোধ করেন। তার পরনে থাকে সাদা পাঞ্জাবি, লাল পাগড়ি আর কানে থাকে লম্বা দুল যা রাজস্থানের পশুপালনের সাথে যুক্ত লোকজনের ঐতিহ্যবাহী পোশাক। তিনি সবসময় তার হাতে একটি লাঠি  রাখেন। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের সাথে সাক্ষাত করার সময়ও লাঠিটি হাতছাড়া করেন না। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া