রাজধানীর ভাটারা থানা এলাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মিম আক্তার শিউলি (১০) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার গ্রামের বাড়ি বরগুনা। ঢাকায় মায়ের সঙ্গে সে বসবাস করত। রবিবার বেলা ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ‘বি’ ব্লকের ৬ নম্বর রোডের একটি খালি প্লট থেকে তার লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য নিহত শিশুর লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) জুলফিকার আলি জানান— নিহত শিশুর মা জরিনা বেগম কুড়িল এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন। শিউলি কুড়িল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। শিউলির বড় বোন খাদিজা স্থানীয় একটা স্কুলের নবম শ্রেণিতে পড়ে। শনিবার দুপুর আড়াইটা থেকে মিম নিখোঁজ ছিল। কেন বা কারা তাকে হত্যা করেছে, সে বিষয় খতিয়ে দেখা হচ্ছে।