সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপককে দুদকে তলব

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক (জিএম) এ টি এম মিজানুর রহমানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 রবিবার কমিশন থেকে তলবের এ নোটিশ পাঠানো হয়েছে। দুদকের সহকারী পরিচালক মাসুদুর রহমান স্বাক্ষরিত ওই নোটিশে তাকে আগামী ১৮ জানুয়ারি দুদকের জিজ্ঞাসাবাদে হাজির থাকতে বলা হয়েছে।
দুদক সূত্র জানায়, ২০১১ সালের ফেব্রুয়ারি মাস থেকে ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ে এ টি এম মিজানুর রহমান সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) পদে কর্মরত ছিলেন। এ সময় তিনি বৈদেশিক মুদ্রা বাণিজ্য কার্যক্রম দেখাশুনা করতেন। ডিজিএম হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে তিনি ভুয়া কাগজপত্র ও জামানতবিহীন সাত থেকে আট হাজার কোটি টাকা ঋণ প্রদান করেছেন। ঋণপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগসাজশে তিনি এ সব অনিয়ম ও দুর্নীতি করেছেন বলে অভিযোগ রয়েছে।
এছাড়া রাজধানীর বনানীতে বাড়ি, উত্তরায় পাঁচ কোটি টাকা মূল্যের জমি, ১০ কোটি টাকা মূল্যের দুটি গাড়ি ছাড়াও তিনি নামে-বেনামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়েছেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে। আর এসব অভিযোগের প্রাথমিক তথ্যও দুদকের হাতে রয়েছে বলে সূত্র জানিয়েছে।