গয়েশ্বর আলালের জামিন নামঞ্জুর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালের রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে পৃথক দুই মামলায় আগামি ১০ কার্যদিবসের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
রবিবার চকবাজার থানার মামলায় ঢাকার মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান এবং শাহাবাগ থানার মামলায় পৃথক হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান শুনানি শেষে এ আদেশ দেন। এ সময় আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে তাদের কারাগারে পাঠিয়ে দেয়া হয়।
রাজধানীর বকশি বাজারে খালেদা জিয়ার হাজিরার দিন সংঘর্ষে ১ জানুয়ারি শাহাবাগ থানার মামলায় আলালকে এবং চকবাজার থানার মামলায় গয়েশ্বরকে ২ জানুয়ারি গ্রেপ্তার দেখিয়ে ১০ দিন করে রিমান্ড চান তদন্ত কর্মকর্তারা। তবে ওইদিন এ সংক্রান্তে শুনানি না হওয়ায় পরবর্তী দিন ধার্য করা হয়েছিল।  
প্রসঙ্গত, গত ২৪ ডিসেম্বর খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে বকশীবাজারে বিএনপি ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এর মধ্যেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ছবি বিশ্বাসের ওপর হামলা চালিয়ে তাঁর গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। সংসদ সদস্য আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর ওইদিন রাতে পুলিশের পক্ষ থেকে শাহবাগ থানায় সংসদ সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগে এ মামলা করা হয়।
অন্যদিকে চাংখারপুল, বকশীজার ও চকবাজার মোড়ে পুলিশকে মারধর করাসহ ভাংচুরের ঘটনায় চকবাজার থানায় মামলা করে পুলিশ।