রাজধানীর খিলগাঁও থানা এলাকার দক্ষিণ গোড়ানের ৩৪ নম্বর রোডের একটি বাসায় ঢুকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে চলে যায় দুর্বৃত্তরা। এতে মিজানুর রহমান (৫০) ও স্ত্রাসহ দুই সন্তান গুরুতর আহত হয়েছেন। রবিবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে কী কারণে কেন এ ঘটনা, তা তারা বলতে পারছেন না।
আহত মিজানুর রহমানের ছোট বোন নাসিমা আক্তার সাংবাদিকদের জানান, ভোর ৬টার দিকে ৪-৫ জন লোক জোরপূর্বক বাসায় ঢুকে ভাই, ভাবি, ও দুই ভাতিজাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। ছোট ভাতিজার নাম বিল্লাল (১২)। সে কদমতলী উচ্চবিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ে এবং বড় ভাতিজা বিপ্লব (১৭) আলী আহাম্মদ উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। তাদের সবাইকে গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা ঢামেকে চিকিত্সাধীন। কারা কেন এ ঘটনা ঘটিয়েছে, তা বুঝতে পারছেন না বলেও জানান নাসিমা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি।